বিশ্বে ৪র্থ শীর্ষ ধনী মার্ক জাকারবার্গ
আয়ে ছন্দপতনেও এখনও বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় শিরোমনি হয়েই আছেন বৈদ্যুতিক গাড়ি কোম্পানির টেসলার কর্ণধার ইলন মাস্ক। দ্বিতীয় অবস্থানেও রয়েছেন টেকটাইকুন জেফ বেজোস। আর কনঞ্জুমার পণ্য নিয়ে তৃতীয় অবস্থানে ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। তবে এবার এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন সোশ্যাল মিডিয়া ডন মার্ক জাকারবার্গ।
ব্লুমবার্গ বিলিনিয়র ইনডেক্সের তথ্য বলছে, বর্তমানে মেটা সিইওর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০ কোটি ডলার। এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি।
প্রসঙ্গত, বছর দেড়েক আগেও বেশ কঠিন সময় যাচ্ছিল ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা। একদিকে প্রতিষ্ঠানের আয়ে ধস, সেই সঙ্গে ব্যক্তিগত আয়েও বড় পতন। কমতে কমতে ২০২২ সালের শেষের দিকে জাকারবার্গের সম্পত্তি নেমে গিয়েছিল মাত্র ৩ হাজার ৫০০ কোটি ডলারে। কিন্তু এরপর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। সংস্থাটির আয় ছাপিয়ে যেতে থাকে সব প্রত্যাশাকে। আর তাতেই ফুলেফেঁপে ওঠে জাকারবার্গের সম্পত্তি। সেসময়ে মুকেশ আম্বানিকে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ১২ নম্বরে উঠে এসেছিলেন মেটা সিইও। ওই সময় তার সম্পত্তির পরিমাণ ছিল ৮ হাজার ৭৩০ কোটি ডলার।







